নিউজ প্রবাসী ডেক্স, :
ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে গ্যাস বিস্ফোরণে একটি বাড়ির অংশ ধসে তিন বছর বয়সী বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি বিভাগের ওভেরভিলিয়ে শহরের রু পল-ভেরলেন এলাকায় একটি প্যাভিলিয়ন বাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে বাড়িটির একটি অংশ ধসে পড়ে এবং বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
প্রাথমিকভাবে গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে প্রসিকিউটর অফিস।
নিহত শিশু নাহিল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের ফ্রান্সপ্রবাসী রাসেল আহমদের ছেলে।
দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালায় ফরাসি দমকল বাহিনী। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল ও কুকুরের পাশাপাশি প্রায় ১১০ জন দমকলকর্মী অভিযানে অংশ নেন।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থানীয় প্রশাসন অস্থায়ী থাকার ব্যবস্থাও করেছে। তাদের জন্য একটি পৌরসভা ভবন ও স্টেডিয়ামের ড্রেসিংরুম প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে নাহিলের মৃত্যুর খবর তার গ্রামের বাড়ি হবিগঞ্জের কাটখালে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts