নিউজ প্রবাসী ডেক্স :: রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ও নিরাপত্তা এলাকার কাছে যাওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মহিবুল্লাহ মুবিন নামে এক যুবককে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মুবিনের বয়স ২৯ বছর।
পুলিশের তথ্য অনুযায়ী, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যাওয়ার সময় মুবিন মোটরসাইকেল নিয়ে গাড়িবহরের প্রবেশপথের দিকে যাওয়ার চেষ্টা করেন। সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ তাকে থামিয়ে দেয়। পরে তাকে মোটরসাইকেলসহ তেজগাঁও থানায় নেওয়া হয় এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, মুবিনের সঙ্গে থাকা সম্ভাব্য সহযোগীদের পরিচয় এবং তিনি কার নির্দেশনায় সেখানে গিয়েছিলেন, তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে ঘটনাটিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে দাবি করেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্য থাকতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
অন্যদিকে মুবিনের আইনজীবী দাবি করেন, তার মক্কেল কোনো নাশকতার উদ্দেশ্যে সেখানে যাননি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা ও ছবি তোলার উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন। তার কাছ থেকে কোনো অস্ত্রও উদ্ধার হয়নি বলে আদালতে দাবি করেন আইনজীবী।
শুনানি শেষে আদালত মুবিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আদেশের পর মুবিনের স্ত্রী ও ছেলে আদালতে কান্নায় ভেঙে পড়েন। আদালত থেকে নেওয়ার সময় মুবিনও সাংবাদিকদের বলেন, তিনি শুধু ছবি তুলতে গিয়েছিলেন।