নিউজ প্রবাসী ডেক্স :
পাবনার আটঘরিয়ায় তমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ইউপি সদস্য আদম আলীকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদম আলী ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তার বয়স হয়েছিল ৬০ বছর।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় চণ্ডিপাশা এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা আদম আলীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, আদম আলী নিষিদ্ধ চরমপন্থি দলের সক্রিয় সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে আটঘরিয়ায় তমা খাতুনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনি প্রধান আসামি ছিলেন।
আটঘরিয়া থানার পুলিশ বলছে, প্রাথমিকভাবে চরমপন্থি দলের অভ্যন্তরীণ বিরোধ বা আধিপত্য বিস্তারকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।