নিউজ প্রবাসী ডেক্স :
আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন এ রিট আবেদন করেন। এতে ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখার আবেদন করা হয়েছে।
সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রিটটি ৬০ নম্বর ক্রমিকে ছিল। তবে আদালত ওই ক্রমিক পর্যন্ত শুনানি করতে পারেনি। ফলে এদিন রিটটির শুনানি হয়নি বলে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানিয়েছেন।
রিটে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে।
ওই প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংশ্লিষ্টদের বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত প্রকাশনা, গণমাধ্যমে প্রচারণা, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলনসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার কথা বলা হয়।
রিট আবেদনকারী ওই প্রজ্ঞাপনের আইনগত বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন এবং আদালতের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চেয়েছেন।