নিউজ প্রবাসী ডেক্স :
প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর প্রায় পৌনে তিন ঘণ্টা পর মহাখালীতে সড়ক অবরোধ তুলে নিয়েছেন বাস শ্রমিকরা। তবে দাবি বাস্তবায়ন না হলে রোববার থেকে আবারও সড়কে নামার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহাখালী শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ইউসুফ আলী মৃধা বলেন, প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে রোববার থেকে ফের আন্দোলনে যাওয়ার কথা জানান তিনি।
এর আগে বিকাল ৩টার পর মহাখালী বাস টার্মিনালের সামনে কয়েকটি বাস আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করেন একদল মালিক ও শ্রমিক। এ সময় পুলিশের অতিরিক্ত কমিশনারের পদত্যাগ, বাস ডাম্পিং, জরিমানা ও পুলিশের হয়রানির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা।
অবরোধের কারণে মহাখালী এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশের সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। একপর্যায়ে যানজট ছড়িয়ে পড়ে বনানী, গুলশান, তেজগাঁও ও সাতরাস্তা এলাকাতেও।
এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হয় বিভিন্ন রুটের গণপরিবহনসহ ব্যক্তিগত যানবাহনকে।
আন্দোলন চলাকালে শ্রমিক নেতা মো. জামাল অভিযোগ করেন, তাদের কর্মসূচি শুরু হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। দ্রুত আলোচনায় না বসলে দেশের ২৭ জেলার বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
পরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা সড়ক থেকে বাস সরিয়ে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts