নিউজ প্রবাসী ডেক্স :
স্থানীয় সরকার নির্বাচনে আইন অনুযায়ী যোগ্যতা থাকা সব বৈধ প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। ফলে এখানে কোনো রাজনৈতিক দলের মনোনয়ন বা দলীয় প্রতীকের বিষয় থাকছে না।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় দলটির নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হলে বিএনপির অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে বিএনপির আলাদা কোনো অবস্থান থাকবে না। আইন অনুযায়ী যে ব্যক্তি বৈধ প্রার্থী হওয়ার যোগ্যতা রাখবেন, তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।
তিনি বলেন, দলীয় নির্বাচন না হওয়ায় প্রার্থীর রাজনৈতিক পরিচয়কে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা হিসেবে দেখার সুযোগ নেই। বৈধ প্রার্থী হিসেবে যাদের যোগ্যতা রয়েছে, তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন। চলতি বছরের শেষ দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি রয়েছে ইসির।
স্থানীয় পর্যায়ে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীকে সমর্থন দিতে পারে বলেও জানান শাহে আলম। তিনি বলেন, উপজেলা পর্যায়ের বিএনপি সংশ্লিষ্ট ইউনিয়নে একজন সমর্থিত প্রার্থী নির্ধারণ করতে পারে।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে স্থানীয় বিএনপিকে প্রতিটি ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সরকারের দায়িত্ব হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করার পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। সারাহ কুক বলেন, ভবিষ্যতে দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts