নিউজ প্রবাসী ডেক্স:
ইউক্রেইনের দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরের ব্যস্ত একটি বাণিজ্যিক এলাকায় রুশ ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৭ জন। আহতদের মধ্যে আটটি শিশু রয়েছে।
বৃহস্পতিবার দিনের ব্যস্ত সময়ে শহরের কেন্দ্রের একটি শপিং সেন্টার ও আশপাশের এলাকায় এ হামলা হয়। ইউক্রেইনের কর্মকর্তাদের ভাষ্য, হামলার সময় সড়কে সাধারণ মানুষের চলাচল ছিল।
ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, হামলায় দোকানপাট, বাণিজ্যিক স্থাপনা ও বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়লে উদ্ধারকর্মীরা সেখানে কাজ শুরু করেন।
দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেকসান্দার হানঝা জানান, আহত ৬৭ জনের মধ্যে আটজন শিশু। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শোক প্রকাশ করে অভিযোগ করেন, বেসামরিক মানুষকে লক্ষ্য করেই রাশিয়া ড্রোন ব্যবহার করেছে।
ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাও হামলার নিন্দা করেছেন। তাঁর অভিযোগ, বেসামরিক এলাকায় ধারাবাহিক হামলার মাধ্যমে ইউক্রেইনের জনগণের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে মস্কো।
পাভলোহরাদ ইউক্রেইনের গুরুত্বপূর্ণ লজিস্টিক ও শিল্পকেন্দ্রগুলোর একটি। এর আগে শহরটিতে রুশ হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।
চলতি সপ্তাহে ইউক্রেইনের আরও কয়েকটি বাণিজ্যিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। বুধবার সুমি শহরের একটি শপিং সেন্টারে ড্রোন হামলায় দুজন নিহত ও ২০ জন আহত হন।
এদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলেও ইউক্রেইনের ড্রোন হামলার পাল্টা অভিযোগ রয়েছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলেও যুদ্ধ বন্ধে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় এখনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি