নিউজ প্রবাসী ডেক্স :
২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে অনুষ্ঠিত হবে—মরক্কোর ফুটবল ফেডারেশনের প্রধান ফুজি লেকজার এমন দাবির পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ফিফা জানিয়েছে, ফাইনালের ভেন্যু এখনো চূড়ান্ত করা হয়নি।
বৃহস্পতিবার মরক্কোর বুজ়নিকা শহরে এক রাজনৈতিক অনুষ্ঠানে লেকজা বলেন, কাসাব্লাঙ্কার কাছের বেনস্লিমানে নির্মাণাধীন হাসান টু স্টেডিয়ামেই ২০৩০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
তবে লেকজার বক্তব্যের সঙ্গে ফিফার অবস্থানের মিল নেই। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ফাইনালের ভেন্যু নির্ধারণের সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।
বেনস্লিমানেতে নির্মাণাধীন হাসান টু স্টেডিয়ামে প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার পরিকল্পনা রয়েছে। এটি নির্মাণ শেষ হলে বিশ্বের সবচেয়ে বড় ফুটবলনির্ভর স্টেডিয়ামগুলোর একটি হবে।
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক মরক্কো, স্পেন ও পর্তুগাল। বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাইনালের ভেন্যু নিয়ে মরক্কো ও স্পেনের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। স্পেনের ফুটবল কর্মকর্তারাও নিজেদের দেশে ফাইনাল আয়োজনের দাবি জানিয়েছেন।
এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রাজনৈতিক সমর্থনের বিনিময়ে মরক্কোকে ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন—এমন খবর প্রকাশিত হলেও ফিফা তা ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছে।
ফলে মরক্কোর পক্ষ থেকে ফাইনালের ভেন্যু ঘোষণা করা হলেও আনুষ্ঠানিকভাবে ফিফার সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts