নিউজ প্রবাসী ডেক্স :
দুই দশকের পথচলায় বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করেছে ব্রিকস। ২০০৬ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে যাত্রা শুরু করা এই জোট এখন ১১ সদস্যের বৃহৎ অর্থনৈতিক বলয়ে পরিণত হয়েছে। সাম্প্রতিক হিসাবে বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের অংশ জি-৭-এর চেয়েও বেশি।
শনিবার ও রোববার ভারতের নয়াদিল্লিতে বসছে ১৮তম ব্রিকস সম্মেলন। বর্তমান বৈশ্বিক উত্তেজনা, বাণিজ্য বিরোধ ও ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতা, উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক ব্যবস্থায় পরিবর্তনের বিষয়গুলো গুরুত্ব পাবে।
২০০৬ সালে চার দেশের জোট হিসেবে ব্রিকসের যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে এর সদস্য বেড়েছে। বর্তমানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইন্দোনেশিয়া এই জোটের সদস্য।
অর্থনৈতিক শক্তির দিক থেকে চীন ও ভারতের ভূমিকা সবচেয়ে বেশি। জোটের মোট উৎপাদনের বড় অংশ এই দুই দেশের অর্থনীতি থেকে আসে। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি সম্পদ, উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা এবং উদীয়মান বাজারগুলো ব্রিকসের প্রভাব বাড়াচ্ছে।
বৈশ্বিক বাণিজ্যেও ব্রিকসের গুরুত্ব বাড়ছে। সদস্য দেশগুলো নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য ও সীমান্তপারের অর্থ লেনদেন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। এবার ভারত ব্রিকস দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার মধ্যে সংযোগ তৈরির প্রস্তাবও সামনে এনেছে।
তবে জোটের সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। সদস্য দেশগুলোর রাজনৈতিক অবস্থান, অর্থনৈতিক স্বার্থ ও পররাষ্ট্রনীতিতে পার্থক্য রয়েছে। চীন-ভারত সম্পর্কের টানাপোড়েনসহ বিভিন্ন ভূরাজনৈতিক বিরোধ ব্রিকসকে একক অবস্থান নিতে কঠিন করে তুলছে।
বাংলাদেশের জন্যও ব্রিকসের অর্থনৈতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ। ব্রিকসের উদ্যোগে গড়ে ওঠা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সদস্য হয়। এই ব্যাংক অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য কাজ করছে।
বিশ্লেষকদের মতে, ব্রিকস এখন আর শুধু কয়েকটি উদীয়মান অর্থনীতির সহযোগিতা প্ল্যাটফর্ম নয়। বৈশ্বিক অর্থনীতিতে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় এই জোটের ভূমিকা আরও বাড়তে পারে। তবে সেই প্রভাব কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সদস্যদের অভিন্ন স্বার্থে কতটা সমন্বয় তৈরি হয় তার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts