নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার লালবাগে নিখোঁজের তিন দিন পর শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বন্ধু মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে বিসি দাস স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে অভিযান চালায় পুলিশ। পরে শুক্রবার ভোরে ভবনের নিচতলার পাশের মাটি খুঁড়ে বালুর নিচ থেকে ওয়াসিম রনির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর ওয়াসিম রনি নিখোঁজ হয়েছেন জানিয়ে লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্বজনরা। জিডির তদন্তে নেমে পুলিশ তাঁর বন্ধু মাসুমকে আটক করে।
লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে মাসুমের দেওয়া তথ্যের ভিত্তিতেই তাঁর বাসার পেছনের মাটি খুঁড়ে রনির মরদেহের সন্ধান পাওয়া যায়।
পুলিশের ভাষ্য, যে ভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে অভিযুক্ত মাসুমের একটি কারখানাও রয়েছে।
তবে ওয়াসিম রনিকে কীভাবে হত্যা করা হয়েছে, হত্যার পেছনে কী কারণ এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।