নিউজ প্রবাসী ডেক্স :
পশ্চিম এশিয়ার চলমান সংঘাতকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ব্রিকসের সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া ব্রিকস সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় শি এসব কথা বলেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত শির বক্তব্য অনুযায়ী, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত পশ্চিম এশিয়ার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে। এই যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামগ্রিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
শি বলেন, পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ব্রিকসের অন্য সদস্যদের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।
ব্রিকস দেশগুলোকে সব ধরনের সুরক্ষাবাদ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন। পাশাপাশি কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করার আহ্বান জানান তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন শি। এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন শিল্পায়নের গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক শুল্কনীতির প্রসঙ্গ টেনে শি ব্রিকস সদস্যদের ইচ্ছামতো শুল্ক আরোপের বিরোধিতা করার আহ্বান জানান।
সাত বছর পর ভারত সফরে যাওয়া শি শনিবার দুপুরে নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেন। ভারতের প্রধানমন্ত্রী ও সম্মেলনের সভাপতি নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান। সম্মেলনের ফাঁকে সন্ধ্যায় দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts