নিউজ প্রবাসী ডেক্স :
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে দুদকের উপসহকারী পরিচালক ও মামলার বাদী জাকির হোসেনের সাক্ষ্য নেওয়া হয়। পরে সিয়ামের আইনজীবী রেজাউল করিম তাকে জেরা করেন।
শুনানির সময় সিয়ামকে আদালতে হাজির করা হয়। এদিন তার জামিনের আবেদন করেন আইনজীবী রেজাউল করিম। তবে দুদকের কৌঁসুলি দেলোয়ার জাহান রুমী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।
আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জানান, মামলার ১১ জন সাক্ষীর সবার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে মামলাটি আত্মপক্ষ শুনানির পর্যায়ে গেল।
দুদকের মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে সিয়ামের বিরুদ্ধে। তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
তদন্ত প্রতিবেদনে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। গত ১৭ জুন আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
সিয়াম পিএসসির প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে। ২০২৪ সালে প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর সিয়ামসহ কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি। পরে আবেদ আলী, তার স্ত্রী ও সিয়ামের বিরুদ্ধে আলাদা দুর্নীতির মামলা করে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts