নিউজ প্রবাসী ডেক্স :
মোবাইলের লোকেশন, কল ডিটেইলস, জাতীয় পরিচয়পত্রসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য অর্থের বিনিময়ে অনলাইনে বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সংস্থাটির দাবি, এসব তথ্য সরকারি সার্ভার থেকে সংগ্রহ করে বিক্রি করা হচ্ছিল।
রোববার বিকেলে র‌্যাব-২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাহিনীটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁর আবদুস সালাম সরকার, গাজীপুরের সুব্রত চন্দ্র পাল, নোয়াখালীর ইসমাইল হোসেন সোহাগ, গোপালগঞ্জের এস এম নাফি এবং ঢাকার কেরানীগঞ্জের মেহেদী হাসান।
র‌্যাব জানায়, আবদুস সালাম সরকার গত এপ্রিল মাসে ‘ই সেবা টুয়েন্টিফোর ডট টপ’ নামে একটি এনক্রিপ্টেড ওয়েবসাইট চালু করেন। সেখানে নির্দিষ্ট অর্থের বিনিময়ে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিগত তথ্য সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মোবাইল সিমের অবস্থান, রেডিও লোকেশন, আইএমইআই সার্চ, কল ডিটেইলস রেকর্ড (সিডিআর), সিমের মালিকানা, মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধন ও লেনদেনের তথ্য, জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধনের তথ্য বিক্রি করা হতো।
র‌্যাবের ভাষ্য, সালাম ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচন কমিশনের কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। অন্য চারজন সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্যের অর্ডার নিতেন বলে অভিযোগ করা হয়েছে।
তথ্য বিক্রির অর্থ লেনদেনে বিভিন্ন নামে ও বেনামে নিবন্ধিত সিম এবং মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহারের কথাও জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-২ অধিনায়ক বলেন, গ্রাহকদের কাছে সরবরাহ করা তথ্য সঠিক ছিল, কারণ সরকারি সার্ভার থেকেই এসব তথ্য সংগ্রহ করা হতো বলে তাদের প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে সরকারি সার্ভার থেকে কারা তথ্য সরবরাহ করত, তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না।
র‌্যাব আরও জানিয়েছে, এ ঘটনায় আরও যারা জড়িত তাদের শনাক্ত করে পর্যায়ক্রমে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেছেন র‌্যাব কর্মকর্তা। �

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts