নিউজ প্রবাসী ডেক্স :
সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার আগে কারাগার থেকে সুপর্ণাকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে সুপর্ণার নিজের এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত তথ্য চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০২৪ সালের ২৭ অক্টোবর সুপর্ণা নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ ও নির্ধারিত ফরম গ্রহণ করেন। তবে নির্দেশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে তিনি ওই বিবরণী জমা দেননি।
এ ঘটনায় একই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে মামলা করেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় করা হয়।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন দুদকের উপসহকারী পরিচালক এ এম তাহের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সুপর্ণার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
বিচার চলাকালে আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আসামির আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।
এর আগে একই ধরনের মামলায় গত ২৮ জুলাই সুপর্ণার স্বামী এস কে সুর চৌধুরীকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts