নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল ও ভাসমান দোকানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক ও মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে দুই স্টেশন এলাকায় অভিযান চালানো হয় বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযানে মেট্রোরেল স্টেশনের নিচে থাকা অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখা এবং মেট্রোরেলের যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতন করা হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, অভিযানের পর কারওয়ান বাজার ও ফার্মগেইট স্টেশন এলাকা অবৈধ দখলমুক্ত হয়েছে। এতে যাত্রীদের চলাচলের জন্য আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি হয়েছে।
অভিযানে এমআরটি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ডিএমটিসিএলের নিজস্ব নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করেন।
এর আগে রাজধানীর আরও কয়েকটি মেট্রোরেল স্টেশন এলাকাতেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সেসব অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি জরিমানাও করা হয়েছিল।