নিউজ প্রবাসী ডেক্স:
জাপানে এশিয়ান গেমসের হকি প্রতিযোগিতায় পরাজয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার পুল ‘এ’-এর প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে আমিরুল-আশরাফুলদের দল।
গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখতে সক্ষম হয় বাংলাদেশ। তবে দ্বিতীয় কোয়ার্টারে মাত্র এক মিনিটের ব্যবধানে বায়ে সং মিন ও ওহ সেওং গোল করলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে দক্ষিণ কোরিয়া।
দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে লি গ্যাংসানের ফিল্ড গোলের পর বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিরতির পরও বাংলাদেশের ওপর চাপ ধরে রাখে চারবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ন দলটি।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুনের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। শেষ কোয়ার্টারের শেষদিকে সিম জায়েওনের ফিল্ড গোল দক্ষিণ কোরিয়ার জয় নিশ্চিত করে।
ম্যাচের প্রথম কোয়ার্টারে প্রতিরোধ গড়লেও পরবর্তী তিন কোয়ার্টারে আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ২০১৮ সালের এশিয়ান গেমসে ষষ্ঠ হওয়া বাংলাদেশ এবার পুল ‘এ’-তে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি স্বাগতিক জাপান, ভারত, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ স্বাগতিক জাপানের বিপক্ষে। ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ২৪, ২৬ ও ২৮ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts