নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের দিল্লির স্বরূপ নগরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক। ১৯ বছর বয়সী শিবম ওরফে সুদামা ওরফে চুচুকেও এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর স্বরূপ নগরের কুশাক রোডের কাছে একটি খোলা মাঠ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বেশ কয়েক দিন পড়ে থাকায় পচন ধরেছিল। তদন্তে পরে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানায় পুলিশ।
তদন্তকারীদের ভাষ্য, নিহত কিশোরী ও অভিযুক্তদের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। ঘটনার আগে তারা একটি টেম্পোতে একসঙ্গে ছিল বলে তদন্তে উঠে এসেছে। পুলিশের অভিযোগ, সেখানে কিশোরীকে যৌন নির্যাতনের পর ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং পরে মরদেহটি মাঠে ফেলে রাখা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী না থাকায় শুরুতে অভিযুক্তদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এরপর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সড়কের ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ শুরু করে।
ফুটেজে ঘটনার সময়ের কাছাকাছি একটি সন্দেহজনক টেম্পোর চলাচল ধরা পড়ে। অন্ধকারের কারণে প্রথমে গাড়িটির নম্বর স্পষ্টভাবে দেখা যায়নি। পরে বিভিন্ন স্থানের সিসিটিভি মিলিয়ে টেম্পোটির গতিপথ অনুসরণ করে পুলিশ।
১৫ ও ১৬ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে টেম্পোটির সন্ধান পাওয়ার পর চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চারজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারদের মধ্যে তিনজনের বয়স ১৬ ও ১৭ বছর। তাদের মধ্যে একজন কিশোরীর পরিচিত ছিল বলে তদন্তে জানা গেছে। অভিযুক্তদের কাছ থেকে দুটি ছুরি, ঘটনার সময় ব্যবহৃত পোশাক এবং টেম্পোটি জব্দ করা হয়েছে।
নিহত কিশোরীর পরিবারের পক্ষ থেকে আগে কোনো নিখোঁজের অভিযোগ করা হয়নি। পুলিশ জানিয়েছে, স্বজনরা তাদের বলেছেন, কিশোরী মাঝেমধ্যে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে কয়েক দিন পর ফিরে আসত।
ঘটনার প্রকৃত কারণ, অভিযুক্তদের প্রত্যেকের ভূমিকা এবং ফরেনসিক আলামত যাচাইয়ে তদন্ত চলছে। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts