নিউজ প্রবাসী ডেক্স :
সিরাজগঞ্জ শহরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
শুক্রবার দুপুরে শহরের এসএস রোড, চৌরাস্তা মোড়, ইলিয়ট ব্রিজ, মুজিব সড়ক ও খলিফাপট্টি এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে সকালে শহর যুবদলের সহসভাপতি সোহান আহম্মেদ শামীমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি এসএস রোড এলাকায় পৌঁছালে ছাত্রদলের এক নেতা এতে বাধা দেন এবং মিছিলকারীদের উদ্দেশে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে।
এর জেরে দুপুরে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া একজনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে ধানবান্ধি, দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি এলাকার নেতাকর্মীরাও এতে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে সংঘর্ষ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সংঘর্ষের মধ্যেই শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিগগিরই নতুন জেলা কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সংঘর্ষে আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।