নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের সন্দ্বীপে জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবুল (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা গুলিবিদ্ধ নাসির উদ্দীনকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা কাউকে পায়নি। হামলাকারী কারা বা কী কারণে নাসির উদ্দীনের ওপর গুলি চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাসির উদ্দীন সুস্থ হয়ে ফিরলে ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, নাসির উদ্দীনের ভাই এবং মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিম ৬ সেপ্টেম্বর একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর এলাকায় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তবে ওই বিরোধের সঙ্গে নাসির উদ্দীনের ওপর হামলার সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি।
ঘটনার কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।