নিউজ প্রবাসী ডেক্স :
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন নূর ইসলাম। এর মধ্য দিয়ে নতুন নেতৃত্বে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পেল প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটি।
শনিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ফকির শওকত পান ৪৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থীর মধ্যে নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ওহাবুজ্জামান নান্টু ৪১ এবং জুয়েল মৃধা ২৯ ভোট পান।
ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।
কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে নির্বাচিত হয়েছেন শহিদ জয়, রফিকুল ইসলাম, গালিব হাসান পিল্টু, মুর্শিদুল আজিম হিরু, এস এম সোহেল ও তৌহিদ জামান।
এদিকে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক তহীদ মনি।
নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে সকাল থেকে প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ ছিল। ভোটগ্রহণ শেষে সদস্যদের উপস্থিতিতে ভোট গণনা করা হয় এবং ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য প্রেসক্লাব যশোরের নতুন নেতৃত্ব নির্ধারিত হয়েছে। নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সদস্যরা।