নিউজ প্রবাসী ডেক্স :
কুমিল্লায় নিখোঁজের একদিন পর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ের লালমাই পাহাড়ের পাদদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে।
পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে।
বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে রাতে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
নিখোঁজের পর অপ্রতিমকে খুঁজতে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হয়। প্রতিবেশী অধ্যাপক মাহমুদুল হাসান জানান, একটি সিসিটিভি ভিডিওতে অপ্রতিমের সঙ্গে একটি ছেলেকে বিভিন্ন রাস্তা দিয়ে যেতে দেখা যায়। সেই সূত্র ধরে খোঁজ করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে মরদেহ পড়ে থাকার খবর পান তারা।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, অপ্রতিমের সঙ্গে থাকা তার মায়ের আইফোনটি পাওয়া যায়নি। এ কারণে ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তে কিছু সূত্র পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts