নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান।
ডিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে মিতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
মাহফুজুর রহমান মিতা চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তার নিজ এলাকা চট্টগ্রামের সন্দ্বীপে করা একাধিক মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়।
এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে মিতার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করে। মামলায় প্রায় ৯ কোটি ৮৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts