নিউজ প্রবাসী ডেক্স :
লাইভ সংগীতের আয়োজনকে আরও প্রযুক্তিনির্ভর করতে লন্ডনে নতুন কনসার্ট ভেন্যু চালু করেছে অ্যাপল। ব্যাটারসি পাওয়ার স্টেশনে প্রতিষ্ঠিত ‘অ্যাপল মিউজিক হল’-এ দর্শকের সামনে সংগীত পরিবেশনের পাশাপাশি একই স্থান থেকে স্পেইশল অডিও রেকর্ডিং, মাল্টিক্যামেরা ভিডিও ধারণ এবং সরাসরি সম্প্রচারের সুবিধা রাখা হয়েছে।
সর্বোচ্চ ৬০০ দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুটি ছোট পরিসরের অনুষ্ঠানের ঘনিষ্ঠ পরিবেশের সঙ্গে বড় মাপের প্রযোজনার প্রযুক্তি একত্র করেছে। এর ৩৮ ফুট চওড়া মঞ্চ প্রয়োজনে প্রচলিত সামনের দিকমুখী আয়োজন কিংবা চারদিক থেকে দর্শক ঘিরে থাকা ‘ইন-দ্য-রাউন্ড’ ব্যবস্থায় রূপান্তর করা যায়।
শব্দ ব্যবস্থায় রয়েছে দর্শকদের চারপাশে স্থাপন করা ৪৮টি স্পিকার। এর মাধ্যমে লাইভ পরিবেশনায় স্পেইশল অডিওর নিমগ্ন অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানটি পরবর্তী সময়ে রেকর্ড করে একই প্রযুক্তিতে মিক্স করার সুযোগ রয়েছে।
শুধু মঞ্চনির্ভর আয়োজন নয়, পুরো ভেন্যুটিকে একটি পূর্ণাঙ্গ প্রযোজনা কেন্দ্র হিসেবেও তৈরি করেছে অ্যাপল। মঞ্চের পেছনে রয়েছে দুটি রেকর্ডিং ও মিক্সিং স্টুডিও। সেখানে একটি অনুষ্ঠান মাল্টিট্র্যাক হিসেবে ধারণ করে সরাসরি অথবা পরে স্পেইশল অডিওতে মিক্স করা যাবে।
ভিডিও তৈরির জন্য ভেন্যুটিতে ১৬ বা তার বেশি ক্যামেরা ব্যবহারের অবকাঠামো রয়েছে। এসব ক্যামেরা একটি বিশেষ ব্রডকাস্ট কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত। প্রচলিত সম্প্রচার ক্যামেরার পাশাপাশি আইফোন দিয়ে ভিডিও ধারণের ব্যবস্থাও রাখা হয়েছে।
অ্যাপলের পরিকল্পনা অনুযায়ী, একটি অনুষ্ঠান শেষ হওয়ার পর শিল্পীকে আলাদা করে রেকর্ডিং বা ভিডিও প্রযোজনার জন্য অন্য জায়গায় যেতে হবে না। একই পরিবেশনা থেকে স্পেইশল অডিও রেকর্ডিং, সম্প্রচারের উপযোগী অডিও এবং মাল্টিক্যামেরা ভিডিও তৈরি করা সম্ভব হবে। অনুষ্ঠানগুলো বিশ্বজুড়েও লাইভস্ট্রিম করা যাবে।
ভেন্যুটির নকশায় ব্যাটারসি পাওয়ার স্টেশনের ঐতিহাসিক স্থাপত্যের ছাপ রাখা হয়েছে। পুরোনো ইটের কাজ, খাঁজকাটা খিলান, ব্রোঞ্জের ব্যালকনি ও বড় কাচের দেয়াল ব্যবহার করে পুরোনো স্থাপত্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়েছে।
অ্যাপল জানিয়েছে, নতুন এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নবাগত সংগীতশিল্পীরাও আধুনিক রেকর্ডিং ও সম্প্রচার সুবিধা ব্যবহার করার সুযোগ পাবেন। কোম্পানিটির ভাষ্য, একটি লাইভ শো থেকেই শিল্পীরা দর্শকদের জন্য পরিবেশনা এবং বিশ্বব্যাপী প্রচারের উপযোগী অডিও-ভিডিও কনটেন্ট তৈরি করতে পারবেন।