নিউজ প্রবাসী ডেক্স :
সরকারি হাসপাতালের চিকিৎসক সংকট মোকাবিলায় স্বাস্থ্য ক্যাডারে পাঁচ হাজার জনকে নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, এমবিবিএস, বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আগামী ১ অক্টোবর সকাল থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত। পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। লিখিত পরীক্ষা নভেম্বর মাসে নেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে পিএসসি।
এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থী বাছাইয়ে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে থাকবে। মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে থাকবে ১০ নম্বর করে। এ ছাড়া ক্যাডার-সংশ্লিষ্ট বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন।
এর আগে গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ওই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ৬ হাজার ১৬৫ জন উত্তীর্ণ হয়েছেন।
এর আগে ৪৯তম বিসিএস ছিল বিশেষ বিসিএস। ওই পরীক্ষার মাধ্যমে সরকারি কলেজে ৬৮৩ জন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য ক্যাডারে সর্বশেষ বিশেষ বিসিএস নেওয়া হয়েছিল ৪৮তম বিসিএসে। ওই পরীক্ষায় তিন হাজারের বেশি চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়।
গত বছরের ১১ সেপ্টেম্বর প্রকাশিত ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলে ৩ হাজার ১২০ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল।