নিউজ প্রবাসী ডেক্স :ম
চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও স্থিতিশীল রাখার ওপর জোর দিয়েছেন দুই দেশের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠকে বসেন দুই নেতা। সেখানে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি ও দুই দেশের পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যাওয়া শি জিনপিংকে হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ট্রাম্প। করমর্দন ও উষ্ণ শুভেচ্ছার পর রোজ গার্ডেনে আয়োজন করা হয় রাষ্ট্রীয় সংবর্ধনার। সামরিক ব্যান্ড, পতাকা ও বিমান মহড়াসহ ছিল জমকালো আয়োজন।
বৈঠকের আগে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। দুই দেশের সম্পর্ক নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে সাংবাদিকদের তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে ‘চমৎকার’ বলে বর্ণনা করেন।
অন্যদিকে শি জিনপিং দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র ও চীন আলাদা দেশ হলেও উভয়ের স্বার্থ পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সহযোগিতা ছাড়া বিশ্বের অনেক সমস্যার সমাধান কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে এআই ও প্রযুক্তি নিয়েও আলোচনা হয়। এর আগে ট্রাম্প বলেছিলেন, এসব ক্ষেত্রে দুই দেশের নেওয়া সিদ্ধান্ত আগামী কয়েক দশকে শান্তি ও সমৃদ্ধির ওপর প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক আলোচনায় বাণিজ্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতার পাশাপাশি দুই দেশের কৌশলগত সম্পর্কও গুরুত্ব পেয়েছে।
শি জিনপিং যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে শুভেচ্ছা জানান। পাশাপাশি আগামী পাঁচ বছরে শিক্ষা বিনিময় কর্মসূচির আওতায় এক লাখ মার্কিন তরুণকে চীন সফরের আমন্ত্রণ জানানোর কথা জানান তিনি।
তবে জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনের মধ্যেও দুই দেশের মধ্যে বাণিজ্য, তাইওয়ান, প্রযুক্তি ও অন্যান্য কৌশলগত বিষয়ে মতপার্থক্য রয়েছে। সাম্প্রতিক বিশ্লেষণগুলোতেও বৈঠকে সম্পর্ক স্থিতিশীল রাখার চেষ্টা থাকলেও বড় কিছু বিরোধ এখনো অমীমাংসিত থাকার কথা উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts