নিউজ প্রবাসী ডেক্স :
দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, মারা যাওয়া দুজনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নতুন দুই মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছেন ১১৫ জন। চলতি বছরের মাসভিত্তিক হিসাবে এটিই সর্বোচ্চ মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৭৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটির বাইরে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪১ জন।
বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ৪৪, চট্টগ্রামে ২৪৬, খুলনায় ১৩০, ময়মনসিংহে ৩৭, রংপুরে ৪৪ এবং সিলেটে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে একই সময়ে চিকিৎসা শেষে ৯৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ হাজার ৮২৭ জন।
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য ২০০০ সাল থেকে সংরক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল; আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ।