
নিউজ প্রবাসী ডেক্স :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রয়োজনীয় তদন্ত চলছে এবং আইন সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দলের বিচার করার পথ ইতোমধ্যে তৈরি করা হয়েছে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদসহ সংশ্লিষ্ট আইনে সংশোধন আনার ফলে রাজনৈতিক দল হিসেবেও বিচার সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। যারা এই চেতনাকে পুঁজি করে রাজনৈতিক সুবিধা নিতে চায়, ইতিহাস তাদের মূল্যায়ন করবে।
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনীতি করা দলটির পরিণতি দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। তাই যেকোনো আদর্শ বা চেতনাকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার না বানানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তিনি জুলাই আন্দোলনের আদর্শকে ধারণ করে জাতীয় ঐক্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।