নিউজ প্রবাসী ডেক্স :

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে জাতিকে বিভক্ত নয়, বরং ঐক্যবদ্ধ করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে কখনোই দেশের উন্নয়ন সম্ভব নয়; বরং সকল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের সাফল্য কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; এটি দল-মত নির্বিশেষে দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন। তিনি শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, রাষ্ট্র তাদের যথাযথ মূল্যায়ন করবে এবং যাদের কারণে প্রাণহানি ঘটেছে, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিচার অবশ্যই হতে হবে আইনের বিধান অনুসরণ করে। প্রতিশোধ নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে তিনি শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে প্রকৃত সম্মান।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কয়েকজন শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের হাতে স্মারক তুলে দেন এবং ভবিষ্যতেও রাষ্ট্রীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts