
নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট দিয়ে প্রবীণ অভিনেতা আবুল হায়াত নির্বাচন-পরবর্তী মামলা-মোকদ্দমা ও বিভেদ এড়িয়ে সবাইকে চলচ্চিত্রের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার এফডিসিতে ভোট দিয়ে তিনি বলেন, নির্বাচনের ফল যাই হোক না কেন, বিজয়ী ও পরাজিত সবাইকে ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে শিল্পীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার মতে, নির্বাচন শেষে আবার আইনি জটিলতা তৈরি হলে শিল্পী সমিতির অগ্রযাত্রা ব্যাহত হবে।
এবারের নির্বাচনের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন আবুল হায়াত। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় শিল্পীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ভোটকেন্দ্রে দীর্ঘদিন পর প্রবীণ অভিনেতা ও পরিচালক কাজী হায়াতের সঙ্গে আবুল হায়াতের আবেগঘন সাক্ষাৎ হয়। একে অপরের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি সুস্থতা কামনা করে বিদায় নেন তারা।
কাজী হায়াতও নতুন নেতৃত্বের কাছে শিল্পী সমিতির তহবিল শক্তিশালী করা এবং শিল্পীদের জন্য স্থায়ী কল্যাণমূলক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, এবারের নির্বাচন শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
অভিনেতা আজিজুল হাকিম, হারুন কিসিঞ্জার, আলমগীর, উজ্জ্বল, মিশা সওদাগরসহ অনেক শিল্পী ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা সুষ্ঠু ভোটগ্রহণের পাশাপাশি শিল্পীদের স্বার্থে কাজ করবে—এমন নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। দুপুর ১টা পর্যন্ত ১০২টি ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানান। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার নতুন কমিটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। দুইটি পূর্ণাঙ্গ প্যানেলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।