নিউজ প্রবাসী ডেক্স :

পবিত্র রমজান উপলক্ষে এতিম শিশু এবং আলেম-ওলামাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই আয়োজনে তিনি এতিম শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে চলতি বছর সীমিত পরিসরে ইফতার আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। এ কারণে এবার মূলত কূটনীতিক, এতিম ও আলেমদের সম্মানেই এ আয়োজন করা হয়েছে। এর আগে শুক্রবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইফতার করেন প্রধানমন্ত্রী।
ইফতার শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, এতিমদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব তুলে ধরতে এ ধরনের আয়োজন প্রতীকী গুরুত্ব বহন করে। তিনি বলেন, সমাজের বিত্তবান মানুষ যদি ধর্মীয় নির্দেশনা অনুযায়ী এতিমদের পাশে দাঁড়ান, তবে পিতৃহারা শিশুরাও আত্মবিশ্বাস নিয়ে সমাজে এগিয়ে যেতে পারবে।
রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই মাস ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। তবে দুঃখজনকভাবে কেউ কেউ এই পবিত্র সময়েও লাভের আশায় অসাধু পন্থা অবলম্বন করে থাকে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে প্রতিবছর বিপুল পরিমাণ যাকাত দেওয়া হলেও তা পরিকল্পিতভাবে বণ্টন করা গেলে দারিদ্র্য দূরীকরণে বড় ভূমিকা রাখতে পারে। এ জন্য যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।
তিনি জানান, দরিদ্র পরিবারগুলোকে লক্ষ্যভিত্তিকভাবে যাকাত প্রদান করা গেলে কয়েক বছরের মধ্যেই অনেক পরিবার স্বাবলম্বী হয়ে উঠতে পারে।
এ সময় বিদ্যমান যাকাত বোর্ড পুনর্গঠন করে আলেম-ওলামা, ইসলামিক পণ্ডিত ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি কার্যকর কাঠামো তৈরির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ইফতার মাহফিলে সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জ্বল হোসেন কায়কোবাদ, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমেদুল্লাহ এবং বায়তুল মোকাররমের খতিব আল্লামা মোহাম্মদ আব্দুল মালেকসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts