
নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার নিউ মার্কেট এলাকার আলোচিত টিটন হত্যাকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, হত্যাকাণ্ডে জড়িতদের তারা “মোটামুটি একটি ছকের ভেতরে” আনতে সক্ষম হয়েছে, যদিও তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, খুনিরা মোটরসাইকেলে করে রায়েরবাজার পর্যন্ত যাওয়ার তথ্য পেয়েছে পুলিশ। এরপর তাদের অবস্থান শনাক্তে কাজ চলছে।
গত ২৮ এপ্রিল রাতে নিউ মার্কেটের পাশে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুই ব্যক্তি গুলি করে হত্যা করে খন্দকার নাঈম আহমেদ টিটনকে। পরে পুলিশ জানায়, তিনি পুরোনো তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ ছিলেন।
ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ডিবি বলছে, বিভিন্ন সূত্র ও তথ্য বিশ্লেষণ করে হত্যার রহস্য উদ্ঘাটনে তারা কাজ চালিয়ে যাচ্ছে।
একই সংবাদ সম্মেলনে ডিবি জানায়, যাত্রাবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত দলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি প্রধান আরও জানান, ঈদকে সামনে রেখে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। গত ১ মে থেকে শুরু হওয়া অভিযানে ঢাকায় মোট ৫৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।