
নিউজ প্রবাসী ডেক্স :
যশোরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা মুজিব বাহিনীর সাবেক প্রধান ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৬টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্র জানায়, বাদ আসর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে যশোরজুড়ে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই হাসপাতাল ও তার বাসভবনে রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষের ভিড় দেখা যায়।
মহান মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর যশোর অঞ্চলে মুজিব বাহিনীর নেতৃত্ব দিয়ে আলী হোসেন মনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পরও তিনি যশোরের রাজনৈতিক, সামাজিক ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় থেকে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।