
নিউজ প্রবাসী ডেক্স :
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের এ রায়ের ফলে সারা দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতির কার্যক্রমে আর কোনো আইনি বাধা থাকছে না।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।
মামলার সূত্রপাত হয় জাতীয়করণকৃত শিক্ষক ও সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণ নিয়ে। ২০১৩ সালের বিধিমালায় জাতীয়করণকৃত শিক্ষকদের অবস্থান সরাসরি নিয়োগপ্রাপ্ত সর্বশেষ শিক্ষকের নিচে নির্ধারণ করা হয়েছিল।
পরবর্তীতে ৩৮৩ জন শিক্ষক ওই বিধানের বিরুদ্ধে রিট করলে হাইকোর্ট সংশ্লিষ্ট ধারা অবৈধ ঘোষণা করেন। এর ফলে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়ে।
রাষ্ট্রপক্ষের করা আপিল গ্রহণ করে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করেছে। ফলে ২০১৩ সালের বিধিমালার সংশ্লিষ্ট ধারা বহাল থাকছে এবং জাতীয়করণকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা সরাসরি নিয়োগপ্রাপ্ত সর্বশেষ শিক্ষকের পরেই নির্ধারিত হবে।
আইনজীবীরা বলছেন, এ রায়ের মাধ্যমে দীর্ঘদিনের আইনি অনিশ্চয়তার অবসান ঘটেছে। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট নিরসন এবং পদোন্নতি কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।