নিউজ প্রবাসী ডেক্স :

ডিপ্লোমাধারী ডেন্টাল টেকনোলজিস্ট বা ডেন্টাল অ্যাসিস্ট্যান্টদের স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ দিয়ে দেওয়া হাই কোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ। ফলে তারা আর নিজস্ব চেম্বার খুলে রোগী দেখা কিংবা ব্যবস্থাপত্র প্রদান করতে পারবেন না।
বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) করা আপিল মঞ্জুর করে এ আদেশ দেন।
রায়ের ফলে ডেন্টাল টেকনোলজিস্টরা কেবল নিবন্ধিত ডেন্টাল সার্জনের অধীনে সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। স্বাধীনভাবে চিকিৎসাসেবা দেওয়া বা প্রেসক্রিপশন লেখার সুযোগ আর থাকছে না।
আদালতে বিএমডিসির পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও কাজী এরশাদুল হক এবং ডেন্টাল চিকিৎসকদের পক্ষে আহসানুল করিম ও আনোয়ার হোসেন শুনানিতে অংশ নেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারীদের চিকিৎসা প্রদান ও ওষুধের ব্যবস্থাপত্র দেওয়ার অধিকার চেয়ে রিট আবেদন করা হয়। পরে হাই কোর্ট তাদের পক্ষে রায় দিয়ে চিকিৎসা কার্যক্রমের ১০টি ক্ষেত্র নির্ধারণ করে দেয়।
তবে ওই রায়ের বিরুদ্ধে ২০১৭ সালে আপিল করে বিএমডিসি। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ হাই কোর্টের সিদ্ধান্ত বাতিল করে চূড়ান্ত রায় প্রদান করেছে।
ডেন্টাল চিকিৎসকদের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, ডেন্টাল টেকনোলজিস্টদের শিক্ষা ও প্রশিক্ষণ মূলত ডেন্টাল সার্জনদের সহকারী হিসেবে কাজ করার জন্য। তাই স্বাধীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার সুযোগ তাদের পেশাগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ বিষয়ে কোনো পরিবর্তন চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নতুনভাবে আবেদন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts