
নিউজ প্রবাসী ডেক্স :
স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, অনিয়মে জড়িত কর্মকর্তাদের শুধু বদলি নয়, প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে।
শনিবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দুর্নীতি বা ঘুষ বাণিজ্য বরদাশত করা হবে না। যেখানে অবহেলা ও অনিয়মের প্রমাণ মিলবে, সেখানে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক সংস্কার, নতুন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, চলতি বছর থেকেই স্বাস্থ্যখাতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু করতে সরকার কাজ করছে। জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একাধিক নতুন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, এবারের জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং দুর্নীতিমুক্তভাবে এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।