
নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব শুরু করেছে দেশের নতুন মন্ত্রিসভা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত এই মন্ত্রিসভায় উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব পেয়েছে খুলনা বিভাগ। নতুন মন্ত্রিসভায় বিভাগটি থেকে দুইজন পূর্ণ মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার সদস্যদের শপথ সম্পন্ন হয়। পরে সরকার প্রধান মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় বণ্টন করেন।
খুলনা বিভাগ থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন—
মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় তিনজনকে মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
একসঙ্গে চারজন মন্ত্রী–প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্তির খবরে খুলনা বিভাগের মাগুরা, ঝিনাইদহ, যশোর ও বাগেরহাট জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এ অর্জন উদযাপন করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন মন্ত্রিসভায় খুলনা বিভাগের এই শক্ত অবস্থান আগামী দিনে উন্নয়ন ও নীতিনির্ধারণে অঞ্চলটির গুরুত্ব আরও বাড়াবে।