
নিউজ প্রবাসী ডেক্স :
প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সরকারি বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আঞ্চলিক দুই প্রভাবশালী শক্তি ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার কৌশল হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানায়, মালয়েশিয়া সফরে শ্রমবাজার পুনরায় চালু, বৈধ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। সফরকালে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রথম সফরে ভারত বা চীনকে বেছে নিলে নানা ধরনের রাজনৈতিক ব্যাখ্যা তৈরি হতে পারত। সেই বিতর্ক এড়াতেই তুলনামূলক নিরপেক্ষ অবস্থানের দেশ মালয়েশিয়াকে বেছে নেওয়া হয়েছে।
মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার হলে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হতে পারে।