নিউজ প্রবাসী ডেক্স :

জাতীয় সংসদে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দুই সংসদ সদস্যের বিতর্কিত বক্তব্যের পাশাপাশি সভাপতির আসন থেকে দেওয়া নিজের একটি মন্তব্যও কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার বাজেট অধিবেশনে স্পিকার জানান, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের মামুনুল হককে নিয়ে করা ব্যক্তিগত মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে অপসারণ করা হবে।
স্পিকার বলেন, মুনতাকিম তার সঙ্গে সাক্ষাৎ করে স্বীকার করেছেন যে বক্তব্যটি অনিচ্ছাকৃতভাবে উচ্চারিত হয়েছিল। যেহেতু তার বাবা জীবিত আছেন, তাই ওই অংশ কার্যবিবরণীতে রাখা হবে না।
একইসঙ্গে মামুনুল হককে নিয়ে সংসদে করা মন্তব্যের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, সংসদের বাইরে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়া উচিত নয়, যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই। এ কারণে ওই বক্তব্যও এক্সপাঞ্জ করা হয়েছে।
স্পিকার আরও জানান, বিতর্ক চলাকালে সভাপতির আসন থেকে দেওয়া নিজের একটি মন্তব্যও তিনি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমি একজন ব্যক্তির জীবনের একটি অধ্যায় সম্পর্কে মন্তব্য করেছিলাম। সেটিও কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হচ্ছে।”
এ সময় ভবিষ্যতে সংসদ সদস্যদের আরও দায়িত্বশীল ও সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানান তিনি।
স্পিকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, কারও অনুপস্থিতিতে তার সম্পর্কে নেতিবাচক আলোচনা করা ইসলামের দৃষ্টিতে গীবতের শামিল। তিনি স্পিকারের সিদ্ধান্তকে যথার্থ ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
সংসদে বক্তব্য নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যে স্পিকারের এই পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts