
নিউজ প্রবাসী ডেক্স :
২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর সব ম্যাচ শেষে নির্ধারিত হয়েছে কোয়ার্টার-ফাইনালের লাইনআপ। নানা নাটকীয়তা, অঘটন ও দুর্দান্ত পারফরম্যান্স পেরিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
শেষ ষোলোর শুরুতেই আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার-ফাইনালে ওঠে মরক্কো। এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স, যারা টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে।
বিশ্বকাপের অন্যতম বড় চমক দেখিয়েছে নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে উঠেছে তারা। কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা রুদ্ধশ্বাস লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে জায়গা নিশ্চিত করেছে।
অন্যদিকে, পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে স্পেন। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকা স্প্যানিশরা এবার মুখোমুখি হবে বেলজিয়ামের, যারা শেষ ষোলোয় স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে।
সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে তিন গোল করে অবিশ্বাস্য জয় তুলে নেয় তারা। শেষ আটে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যারা টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে।