নিউজ প্রবাসী ডেক্স :

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক এলাকায় হামলা হয়েছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি।
মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি দুই দেশের মধ্যে সাম্প্রতিক সমঝোতা লঙ্ঘন করেছে। তিনি সতর্ক করে বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় তেহরান প্রয়োজনীয় ও কঠোর জবাব দেবে।
এ ঘটনার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞার সাময়িক ছাড় প্রত্যাহার করে নেয়। ইরান এ সিদ্ধান্তকে ‘অসৎ উদ্দেশ্যের বহিঃপ্রকাশ’ বলে আখ্যা দিয়েছে।
অন্যদিকে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছে কাতার ও সৌদি আরব। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলেছে, নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় নতুন এই সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts