
নিউজ প্রবাসী ডেক্স :
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে বহুল আলোচিত মামলার রায় আগামী বৃহস্পতিবার ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ চার পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর রায়ের জন্য দিন নির্ধারণ করেন।
২০১১ সালে পাস হওয়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে ব্যাপক পরিবর্তন আনা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। পাশাপাশি সংবিধানের ৫৪টি ধারায় সংযোজন, সংশোধন ও প্রতিস্থাপন করা হয়েছিল।
২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে পঞ্চদশ সংশোধনীর কয়েকটি অংশ বাতিল ঘোষণা করে। ওই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সম্ভাবনা সৃষ্টি হয়। তবে রিটকারীসহ কয়েকটি পক্ষ হাইকোর্টের রায়ে সন্তুষ্ট না হয়ে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে আপিল করেন।
এ মামলায় জামায়াতে ইসলামী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন পৃথকভাবে পক্ষভুক্ত হয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। গত তিন দিন ধরে আপিল বিভাগে ধারাবাহিক শুনানিতে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য উপস্থাপন করা হয়।
এখন দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনের দৃষ্টি সর্বোচ্চ আদালতের দিকে। বৃহস্পতিবার ঘোষিত রায়ে পঞ্চদশ সংশোধনীর কোন কোন অংশ বহাল থাকবে, আর কোন অংশ বাতিল হবে—তা স্পষ্ট হবে