
নিউজ প্রবাসী ডেক্স :
শেষ মুহূর্তের রোমাঞ্চে ভর করে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ঘানা। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইয়েরেনকির গোলেই জয় নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা।
ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল পানামা। ৬৩ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখা দলটি ১১টি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
প্রথমার্ধে একাধিকবার গোলের সুযোগ সৃষ্টি করলেও ঘানার গোলরক্ষক লরেন্স আটি-জিগির দৃঢ়তায় গোল পায়নি পানামা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।
অন্যদিকে ম্যাচের শেষ দিকে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে ঘানা। ব্র্যান্ডন থমাস-আসান্তের নিখুঁত পাস থেকে সহজ সুযোগে বল জালে পাঠান ক্যালেব ইয়েরেনকি। সেই গোলেই বিশ্বকাপ মিশন শুরু করে মূল্যবান তিন পয়েন্ট তুলে নেয় ঘানা।
এই জয়ে গ্রুপ পর্বে শক্ত অবস্থান তৈরি করল ঘানা। আগামী ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। অন্যদিকে প্রথম ম্যাচে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল পানামা; পরের ম্যাচে তারা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।