নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর ভাটারা এলাকায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা স্কুলটির একটি বাসে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাটারা থানার কর্তব্যরত কর্মকর্তা দেবাশীষ রায় অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কারা এবং কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা আরও জানান, তদন্ত শেষে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।