
নিউজ প্রবাসী ডেক্স :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় দোকানঘর ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে আনিসুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় নওয়াপাড়া নৌবন্দর এলাকার নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিং’-এর মালিক এবং ‘আনিস প্লাজা’ নামের একটি বহুতল বিপণিবিতানের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ জানায়, পীর বাড়ি এলাকার শাহ মাহামুদ আনিস প্লাজায় একটি দোকানঘর ভাড়া নিতে চাইলে আনিসুর রহমান তাতে রাজি হননি। এ নিয়ে পূর্ব বিরোধের জেরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ধারালো অস্ত্র নিয়ে আনিসুর রহমানের ওপর হামলা চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের ব্যবসায়ীরা সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।