
নিউজ প্রবাসী ডেক্স :
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, পদত্যাগ করবেন না, প্রয়োজনে তাকে বরখাস্ত করা হোক। তার এই অবস্থানকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বুধবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘নোংরা খেলার’ অভিযোগ তুলে আদালতে যাওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়ে বিধানসভার প্রথম দিনকে ‘কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেন তিনি।
অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা অতীতের তুলনায় অনেক কম এবং নতুন সরকার কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যাগরিষ্ঠতা হারালে সংবিধান অনুযায়ী রাজ্যপাল নতুন সরকার গঠনের উদ্যোগ নিতে পারেন। ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সবার।