নিউজ প্রবাসী ডেক্স :

আগস্ট মাসকে ঘিরে আওয়ামী লীগ বড় ধরনের রাজনৈতিক তৎপরতা চালাতে পারবে বলে মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের সক্রিয় হওয়ার সক্ষমতা নেই বলেই সরকারের ধারণা।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের তৎপরতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত সতর্ক অবস্থানে রয়েছে। তবে এ জন্য আলাদা কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হয়নি; পুলিশ বাহিনী সব সময়ই নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা অনুসরণ করে।
সম্প্রতি মতিঝিল ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের প্রসঙ্গে তিনি জানান, দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এসব ঘটনার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে উগ্রবাদ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে জামিন পাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নিয়োজিত আইনজীবীদের মাধ্যমে জামিনের শর্তাবলি সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার জামিন বাতিল এবং দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার বিষয়টি ওই বৈঠকের পর দেওয়া বক্তব্যেই প্রতিফলিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts