নিউজ প্রবাসী ডেক্স :
চলতি আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও মাঝেমধ্যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে মৌসুমি ভারি বর্ষণের কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগস্ট মাসে একটি থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম বলেন, চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
তিনি আরও জানান, মৌসুমি ভারি বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই মাসে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়, যার মধ্যে দুটি নিম্নচাপে রূপ নেয়।
জুলাই মাসে চট্টগ্রামে সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। টানা বর্ষণ, উজানের ঢল, বন্যা ও পাহাড়ধসের ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলাসহ সাত জেলায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েন।