নিউজ প্রবাসী ডেক্স :
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন আদেশ বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে জামিন আদেশের সত্যায়িত কপি সংগ্রহের উদ্যোগও চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের কর্মকর্তা এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে সরকার জেনেছে। বিষয়টি নিয়ে দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আদালতের জামিন আদেশের সত্যায়িত কপি সংগ্রহের পাশাপাশি তা বাতিলের জন্য একটি ল’ ফার্ম কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার আশাবাদী।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করে। আইনি আনুষ্ঠানিকতা শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন। তবে জামিনের শর্ত অনুযায়ী তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ত্যাগ করতে পারবেন না।
অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও অন্যান্য দুর্নীতির অভিযোগে দুদকের তদন্তের মুখে ২০২৫ সালের ১১ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়। পরে সেই নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সরকার ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলে প্রয়োজনীয় নথি পাঠিয়ে প্রত্যর্পণের আবেদন করেছে। তবে এর মধ্যেই জামিনে মুক্তির ঘটনায় তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন আইনি জটিলতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বর্তমানে বেনজীর আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে দুদকের ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার বিচার চলমান এবং বাকি মামলাগুলো তদন্তাধীন।