নিউজ প্রবাসী ডেক্স : :
দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গোপালগঞ্জসহ ১৬ জেলায় সরকারি-বেসরকারি স্থাপনা, যানবাহন ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এ ছাড়া কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি কাঠের দোকান থেকে প্রায় ৩০০টি লগি-বইঠা উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাগুলো ঘটেছে গোপালগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও সিলেটে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িসহ তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে পুলিশের সরকারি গাড়িসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়।
চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীতে সড়কে আগুন দেওয়া এবং যান চলাচলে বাধা সৃষ্টির ঘটনা ঘটে। গাজীপুরের ভুরুলিয়ায় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপে বিভিন্ন মালামাল পুড়ে যায়। নাটোরের গুরুদাসপুরে মহিলা দলের এক নেত্রীর মালিকানাধীন দুটি মুদিদোকানেও অগ্নিসংযোগ করা হয়।
ময়মনসিংহের ভালুকায় পার্কিং করে রাখা একটি বাস এবং ফুলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়। টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রলবোমা নিক্ষেপের পাশাপাশি গোড়াই এলাকায় উড়ালসড়ক থেকে মহাসড়কে পেট্রলবোমা ছোড়া হয়। এতে কিছু সময়ের জন্য ঢাকামুখী যান চলাচল বন্ধ থাকে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাঠের দোকানে অভিযান চালিয়ে প্রায় ৩০০টি লগি-বইঠা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দোকানমালিক জসিম মিয়াকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এসব সামগ্রী তৈরির অর্ডার দেওয়া হয়েছিল। এ ছাড়া ভৈরবে চলন্ত যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ ভবন, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বাস ও খড়বোঝাই ট্রাক এবং নেত্রকোনায় ট্রেন, গ্রামীণ ব্যাংকের শাখা ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। নেত্রকোনার বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।
রাজশাহীতে বিআরটিসির বাস ডিপো ও দুটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রংপুরে একটি বাসে আগুন দেওয়া হয়। সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিলেট নগরের চালিবন্দর এলাকায় চারটি বাসে আগুন দেওয়া হয়।
এসব ঘটনায় কয়েকটি যানবাহন ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বেশির ভাগ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনাগুলো তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।