নিউজ প্রবাসী ডেস্ক:

পাকিস্তানের কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি দাবি করেছে জাতিসংঘ। একই সঙ্গে তাঁর যথাযথ চিকিৎসা, মানবিক মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

সম্প্রতি সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান তুলে ধরেন ফলকার টুর্ক। তিনি বলেন, ইমরান খানকে মুক্তি দেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে যথাযথ ও মানবিক আচরণ করা জরুরি। পাকিস্তানে চলমান রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

ফলকার টুর্কের মতে, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর পথ তৈরি হতে পারে। পাশাপাশি রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতেও এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলমান। তবে ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করে আসছে।

এদিকে, মানবিক বিবেচনায় ইমরান খানের মুক্তির বিষয়টি নিয়ে শ্রীলঙ্কার সংসদেও আলোচনা ও উদ্যোগের প্রস্তাব উঠেছে। তবে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি কিংবা দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন কোনো আলোচনায় যুক্ত হতে অনাগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা সরকার। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র এ বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts